ক্রসবর্ডার লেনদেনে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক সই
গত মাসের মধ্যভাগে ভারত সফরে গিয়ে ক্রসবর্ডার লেনদেন সুবিধায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) শীর্ষ ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠকে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পেমেন্টের মতো বাংলাদেশের জন্য একটি সার্বভৌম রিয়েল-টাইম পেমেন্ট তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই আলোচনাকে এবার বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিতে রাষ্ট্রীয় সফরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে একটি একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ব্যাংক। সম্পাদিত তিনটি চুক্তির মধ্যে এই চুক্তিটির কথা জানিয়ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের বৈঠক নিয়ে ব্রিফ কালে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক আর্থিক লেনদেনের পথ সুগম করা, কৃষি গবেষণা ও প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে যোগ দিতে আজ তিন দিনের সফরে নয়াদিল্লি অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তার সঙ্গে রয়েছেন একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক।
উল্লেখ্য, গত মাসের ১৮ তারিখে বাংলাদেশ-ভারতের মধ্যে আন্ত লেনদেনে স্মার্ট প্রযুক্তির উদ্ভাবনে যৌথ অংশীদারিত্বের বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী। তখন এ নিয়ে শিগগিরই বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সঙ্গে আরবিআই এর মধ্যে একটি সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করেছিলেন তিনি।







